ফেনীতে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সদর প্রতিনিধি
ফেনীতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী দুলামিয়া নামন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বরাতে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো পথে আসা কাভার্ডভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তাছড়া আহতদের উদ্ধার করতে ফায়ার ব্রিগেড এর সদস্যরা কাজ করেন।

এদিকে ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে৷তবে নিহতদের মধ্যে বাস ও কাভার্ডভ্যান চালকের মরদেহ থাকতে পারে বলে ধারণা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।




