৮ বছরেও কার্যকর হয়নি একরাম হত্যা মামলায় রায়

নিজস্ব প্রতিবেদক-
বহুল আলোচিত ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যার ৮ বছর পূর্ণ হলো। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও মামলার রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিহত একরামের পরিবার ও গ্রামবাসী। এখনো ফাঁসির দন্ডপ্রাপ্ত ১৬ আসামী পলাতক রয়েছে।

এদিকে রায় নিষ্পত্তিতে ধীরগতির কারণে হতাশা প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। তাদের দাবি, এ হত্যা মামলার আসামিদের দণ্ড যেন দ্রুত কার্যকর করেন উচ্চ আদালত।
উল্লেখ্য যে, ২০১৪ সালের ২০ মে প্রকাশ্যে ফেনী শহরের একাডেমি এলাকায় একরামকে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে নৃংশসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এ নিয়ে দেশ-বিদেশে সমালোচনার ঝড় উঠলে হত্যার ঘটনায় জড়িতরা একের পর এক গ্রেপ্তার হতে থাকে।

এতে ঘটনার নেপথ্যে থাকাদের মুখোশ উন্মোচিত হয়। বেরিয়ে আসে সরকার দলীয় অন্তঃকোন্দলই এ হত্যাকাণ্ডের কারণ। হত্যার সঙ্গে রাঘববোয়ালদের নাম বেরিয়ে এলে আত্মগোপনে চলে যায় হত্যাকারীরা। ঘটনার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ফুঁসে ওঠে এলাকাবাসী। হরতাল-অবরোধ-বিক্ষোভসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে তারা।
এ ঘটনায় একরামের বড় ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিন চৌধুরী মিনারের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী থানায় মামলা করেন। হত্যার ১০০ দিন পর ওই বছরের ২৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ৫৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১২ নভেম্বর আলোচিত এ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেন। অভিযোগপত্র দাখিলের ১৬ মাস পর ২০১৭ সালের ১৫ মার্চ আদালত মামলার চার্জ গঠন করেন আদালত। এরপর শুরু হয় বিচারকাজ।
দীর্ঘদিন বিচার প্রক্রিয়া চলার পর ২০১৮ সালের ১৩ মার্চ দুপুরে ফেনী জেলা ও দায়রা জজ আমিনুল হক মামলার রায় ঘোষণা করেন। রায়ে ৩৯ আসামিকে মৃত্যুদণ্ড এবং ১৬ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীর মধ্যে ১৬ জন পলাতক রয়েছে যাদের কে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। বাকী ২৩ আসামী এখন কারাগারে রয়েছেন। তারা হচ্ছেন, জেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল, ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল্লাহিল মাহমুদ শিবলু, সাজ্জাদুল ইসলাম পাটোয়ারী সিফাত, আবু বক্কর সিদ্দিক, মো. আজমির হোসেন রায়হান, মো. শাহজালাল উদ্দিন শিপন, জাহিদুল ইসলাম জাহিদ ওরফে আজাদ, কাজী শানান মাহমুদ, মীর হোসেন আরিফ ওরফে নাতি আরিফ, আরিফ ওরফে পাঙ্কু আরিফ, রাশেদুল ইসলাম রাজু, মো. সোহান চৌধুরী, জসিম উদ্দিন নয়ন, নিজাম উদ্দিন আবু, আবদুল কাইয়ুম, নুর উদ্দিন মিয়া, তোতা মানিক, মো. সজিব, মামুন, রুবেল, হুমায়ুন, টিপু ও জিয়াউর রহমান বাপ্পি।
মামলার বাদী নিহত একরামের বড় ভাই রেজাউল হক জসিম ও একরামের পরিবার রাষ্ট্রের কাছে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান ।




