ফেনীর সোনাগাজীতে স্ত্রী হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড

ফেনীর সোনাগাজীতে স্ত্রী হত্যার দায়ে সালাউদ্দিন সেলিম (৩৭) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একি সাথে বিচারক তার এক লক্ষ টাকা জরিমানা করেন।
সোমবার (৩ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এ রায় দেন। তার বাড়ি সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামে। তার পিতার নাম মোঃ সোলেমান।
উক্ত মামলায় অপর দুই আসামি সালাউদ্দিনের পিতা মো. সোলেমান (৬৫) ও বোন সুলতানা আক্তার পলিকে (৩০) খালাস দেন। আদালতের রায় ঘোষণার সময় মূল আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
সরকার পক্ষের আইনজীবি হাফেজ আহম্মদ জানান, বিভিন্ন সময় আসামি সালাউদ্দিন তার স্ত্রী বিবি খাদিজা আক্তার রুবির পরিবারের কাছে টাকা দাবী করতো । টাকা না পাওয়ায় ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর নিজের স্ত্রীকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত রুবির ভাই সাইফুল ইসলাম সোনাগাজী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
তিনি আরও জানান, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস আদালতে চার্জশিট দাখিল করেন। এবং একই বছরের ১১ সেপ্টেম্বর উক্ত মামলার চার্জগঠনের পর বিচারকাজ শুরু করেন আদালত।




