ফেনী সদরে আওয়ামী লীগের তৃনমূলের রায় শুসেন চন্দ্র শীল এর পক্ষে

ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের তৃনমূল ভোটে প্রথম হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
মঙ্গলবার বিকেলে প্রার্থী বাছাইয়ে ভোটগ্রহন করা হয়। এতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারন সম্পাদক ও উপজেলার ১২ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মোট ২৬ জন এবং পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও পৌরসভার ১৮টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মোট ৩৮ জনভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ভোটাভুটিতে বিজয়ী হিসেবে শুসেন চন্দ্র শীলের নাম ঘোষণা করেন।
তিনি বলেন আমরা প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার কাছে একজনের নাম পাঠাবো। যিনি মনোনয়ন পেয়েছেন তিনি সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন। যিনি প্রথম হয়েছেন তার পক্ষেই সবাই কাজ করবো।
এদিকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে শহীদ উল্যাহ খোন্দকার জানান, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন ফরম কিনেছেন ৬ জন।
তারা হলেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মুজিবুল হক রিপন, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক প্রচার সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ আবুল হোসেন, প্রয়াত আবদুর রহমান বিকমের ছেলে জেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন ও সহ-সভাপতি জিয়াউল আলম মিষ্টার।




