
সদর প্রতিনিধি
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে কালিদহ ইউনিয়নের গৌবিন্দপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামি লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ডালিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসাইন পাটোয়ারী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ.কে.শহীদ উল্যাহ খোন্দকার, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, জেলা আওয়ামি লীগের সদস্য নুর নবী রাজু, ফেনী সদর উপজেলা আওয়ামি লীগের যুগ্ন -সাধারণ সম্পাদক মীর হোসেন দুলাল, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকা।

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসের রিন্টুর সঞ্চালনায় পুরস্কার বিরতণী অনুষ্ঠানে প্রধান অতিথি শুসেন চন্দ্র শীল তার বক্তব্যে বলেন, যুব সমাজকে সাথে নিয়ে আমরা সব সময় খেলার মাঠে থাকবো। কারন সকল সন্ত্রাস, মাদক ও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হলে এ ধরণের খেলার আয়োজনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোন ধরণের অপসংস্কৃতি সমাজে থাকবে না। সু-শৃঙ্খল একটি সমাজ ও দেশ গঠনে খেলাধূলার আয়োজন অনেক বেশি ভূমিকা পালন করবে।

কালিদহ ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত উক্ত খেলায় ৭টি ওয়ার্ডের থেকে ৭ দল অংশগ্রহন করে ১নং গৌবিন্দপুর ও ২ নং দক্ষিন গৌবিন্দপুর ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় শুরু থেকে দুই পক্ষ দর্শকদের মাতিয়ে রাখে। দারুন নৈপুণ্যের মধ্য দিয়ে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয় । শেষ পর্যন্ত ২নং দক্ষিন গোবিন্দপুরকে ট্রাইবেকারের হারিয়ে ১নং গোবিন্দপুর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবং প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করে।




