রোববার থেকে শুরু হচ্ছে রমজান মাস

দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে রমজান মাস। সে হিসেবে আগামী ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) দিনগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালন করবে ধর্মপ্রাণ মুসল্লিরা।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় শনিবার রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রোববার হবে প্রথম রোজা।
এদিকে শনিবার রাতের এশার নামাজের পর তারাবির নামাজ শুরু হবে। এ উপলক্ষে মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত এ মাস।




