হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী মারা গেছেন

হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা গেছেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি।তিনি জানান, বুধবার সন্ধ্যা থেকেই জুনায়েদ বাবুনগরী অসুস্থ বোধ করছিলেন।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে স্ট্রোক করলে তাকে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে নেয়া হয়।সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।এর আগেও তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বাংলাদেশে নানা সময়ে আলোচিত হয়েছেন হেফাজতে ইসলামের এই নেতা। তিনি সংগঠনটির শীর্ষ নেতৃত্বে এসেছেন প্রতিষ্ঠাতা আহমদ শফীর মৃত্যুর পর। মি. শফী নেতৃত্বে থাকার সময় হেফাজতে ইসলাম ২০১৩ সালে ঢাকার শাপলা চত্বরে অবস্থান কর্মসূচী নিয়ে আলোচনায় আসে। তখন মি. বাবুনগরী সংগঠনটির মহাসচিব ছিলেন। সেসময় তিনি গ্রেপ্তার হয়েছিলেন।
হেফাজতে ইসলামের কেন্দ্রভূমি হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক বাবুনগরীর বয়স হয়েছিল সত্তরের কাছাকাছি। হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় তিনি ভুগছিলেন । তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলেকে রেখে গেছেন।




