দাগনভূঞায় সংখ্যালঘুদের বাড়িতে দুর্বৃত্তদের আগুনে পুড়লো ৭টি খড়ের গাদা

দাগনভূঞা প্রতিনিধি :
ফেনীর দাগনভূঞার উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে রোববার গভীর রাতে হিন্দু সম্প্রদায়ের দুটি বাড়ীর ৭টি খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
স্থানীয় আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে পাশে থাকা পুকুরের পানি দ্বারা আগুন নিয়ন্ত্রণে আনে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে দাগনভূঞা থানাধীন কোরাইশমুন্সি পুলিশ ক্যাম্পের অফিসার ও ফোর্সগণ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান ঘটনাস্থলে থাকা ৭টি খড়ের গাদা সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ভস্মিভুত হয়ে আছে।
ঘটনার পরদিন সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নাদিয়া ফারজানা,সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মাসুকুর রহমান, দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম স্থানীয় ইউপি চেয়ারম্যান নূর নবী, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ, সহ-সভাপতি অনিল বণিক, সাংগঠনিক সম্পাদক মরণ চন্দ্র মজুমদার, দাগনভূঞা উপজেলার হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু নিতাই চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাষ্টার বিজন বিহারি ভৌমিক ,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সুমন চন্দ্র ভৌমিকসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের দত্ত বাড়ী, ধোপা ও শীল বাড়ীর সন্তোষ, নির্মল, অনিল, বিনোদ শীল, খোকন শীল, নেপাল দাশ ও রবি রায়ের মালিকীয় খড়ের গাদায় রোববার গভীর রাতে একযোগে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, তারা দুর্বৃত্তদেরকে চিনেনি ও দেখেনি। তবে দীর্ঘদিন পর্যন্ত মাঝে মাঝে তাদের বাড়ীতে ঢিল ছুঁড়ে আতংকিত করতো। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন মুখ খোলেননি।
দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, পুলিশ এ ঘটনায় তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।




