
দাগনভূঞা প্রতিনিধিঃ
গতকাল রাতে দাগনভূঞা ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী ও ৪ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দাগনভূঞা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮ নং জায়লস্কর ইউপির আমিরগাঁও বাজারের স্বপ্ন বিলাস নামক ভাড়া বাসা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মোঃ খুরশিদ আলম (৩৭) উপজেলার ২ নং রাজাপুর ইউনিয়নের গণিপুর গ্রামের কাজীম বেপারী বাড়ীর মৃত আবুল হাসেমের ছেলে। অপর আসামি ইসমাইল হোসেন রাজু (২৬) একই ইউপির পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের আবুল বাশার চৌধুরী বাড়ীর মোঃ মোস্তফা’র ছেলে।
অন্যদিকে ৪ বোতল ফেন্সিডিলসহ উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের মধ্যম চন্ডিপুর গ্রামের নুর মোহাম্মদ মাঝি বাড়ীর সামনে থেকে মোঃ আবদুল মান্নান (২৯) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের মধ্যম চন্ডিপুর গ্রামের নুর মোহাম্মদ মাঝি বাড়ীর আব্দুল খালেকের ছেলে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




