ফেনী সদরে নৌকার কান্ডারী শুসেন চন্দ্র শীল-

ফেনী সদর উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন দলটির সদর উপজেলার সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
আজ শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে মনোনীত করা হয়। সংগঠনটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক পত্রে মনোনয়ন প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী ৭ অক্টোবর ফেনী সদর উপজেলার উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন জেলা যুবলীগ-ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। গত ৭ সেপ্টেম্বর তৃণমূলের ভোটাভুটিতে সর্বাধিক ভোট পাওয়ায় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তাকে মনোনয়ন দিতে দলের হাইকমান্ডে সুপারিশ করা হয়।

প্রসঙ্গত; গত ১৩ আগস্ট ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান বিকম মারা যান। ফলে শূন্য হওয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে তফসিল দেয়া হয়।




