ফেনী জেলা বিএনপির নেতাকর্মীদের অন্তত ১৫টি গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে বিএনপির ৩০ জন নেতাকর্মী আহত হন।চট্টগ্রামে বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে এ হামলা চালানো হয়।

বুধবার (১২ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট, মিঠাছড়া, মিরসরাই, সীতাকুণ্ড, নিজামপুর ও কমলদহ এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।
দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন বলেন, চট্টগ্রামে বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে দাগনভূঞা উপজেলা বিএনপির ১০-১২টি গাড়ি ভাঙচুর করে সরকারদলীয় ক্যাডাররা। হামলায় দাগনভূঞা উপজেলা যুবদল আহ্বায়ক কবির আহমেদ ডিপলু, যুগ্ম-আহ্বায়ক দিদার, ছাত্রদলের আহ্বায়ক রাজিব, যুগ্ম-আহ্বায়ক জাবেদ, ফেনী পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী, ছাত্রনেতা রিপন, শুভসহ প্রায় ৩০ নেতাকর্মী আহত হন।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, সকালে ফেনী থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট, মিঠাছড়া, মিরসরাই, সীতাকুণ্ড, নিজামপুর ও কমলদহ অংশে ১৫টি গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।
তিনি বলেন, শত বাধা উপেক্ষা করে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনে করে ফেনী থেকে কয়েক হাজার নেতাকর্মী বিভিন্নভাবে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছেন।